নারায়ণগঞ্জ প্রতিনিধি:
ডোনাল্ড ট্রাম্প বিক্রি হলো ৫৫০ টাকা কেজি দরে! ঈদুল আজহাকে সামনে রেখে নারায়ণগঞ্জের খামারে বিভিন্ন জাতের কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জের একটি খামারে গোলাপি রঙের এলবিনো জাতের মহিষের নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। এটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানান কাণ্ড শুরু হয়েছে, বেশ সাড়া ফেলেছে। আকর্ষণীয় এই ‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতে দর্শনার্থী ও উৎসুক জনতা ভিড় করছেন। তবে মহিষটি ৫৫০ টাকা কেজিতে লাইভ ওয়েটে বিক্রি হয়েছে ঢাকার এক ব্যক্তির কাছে। ঈদের আগে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকার রাবেয়া অ্যাগ্রো ফার্ম থেকে মহিষটি ঢাকায় নেওয়া হবে বলে খামার মালিক সূত্রে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে রাবেয়া অ্যাগ্রো ফার্ম এর মালিক জিয়া উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষটি দেড় মাস আগে বিক্রি হয়ে গেছে। ঢাকার এক ব্যক্তি মহিষটি ৫৫০ টাকা কেজি দরে লাইভ ওয়েটে কিনে নিয়েছেন, এখন মহিষটির ওজন প্রায় ৭০০ কেজি আছে। আগামী ২৩ বা ২৪ মে মহিষটি ঢাকার ওই ক্রেতার কাছে ডেলিভারি করা হবে। সে পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প আমাদের খামারে থাকবে।