ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিচার দাবি ছাত্র ইউনিয়নের
ঢাবি প্রতিনিধি:
হামে শিশুমৃত্যর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও সেই সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমসহ দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। একই সঙ্গে চিকিৎসা ব্যবস্থা রাষ্ট্রীয়করণ এবং হামের চিকিৎসার জন্য জরুরি ফিল্ড হাসপাতাল নির্মাণের দাবিও জানানো হয়। রবিবার (১০ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বাংলাদেশের ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি তামজীদ হায়দার চঞ্চলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মেঘমল্লার বসু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক ফাইজান আহমেদ অর্ক, ঢাকা মহানগর সংসদের আহ্বায়ক আসিফ জামান, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সহ-সভাপতি কে এম আব্দুল্লাহ নিশাত প্রমুখ।