ঢাবি ও সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচী,স্থগিত করা হলো সোমবারের পরীক্ষা
স্টাফ রিপোর্টারঃ
শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের আজ সোমবারের সব চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার রাতে ঢাবি পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা কলেজের অধ্যক্ষের আবেদনের প্রেক্ষিতে সাত কলেজের সোমবারের (২৭ জানুয়ারি) সব পরীক্ষা স্থগিত করা হলো। এই পরীক্ষার তারিখ পরে বিজ্ঞপ্তিতে জানানো হবে।
এর আগে অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় আজ সোমবারের সব পরীক্ষা ও ক্লাস স্থগিত করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এদিকে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে হামলায় জড়িত সবার বিচারের দাবিতে আজ ৯টা থেকে নিজ নিজ কলেজের সামনের সড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা।