ঢাবি শিক্ষার্থীর ওপর পুলিশের হামলার প্রতিবাদ জানালো ডাকসু
সংবাদ জমিন রিপোর্ট:
হামলার প্রতিবাদ জানালো ডাকসু। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী ও বামপন্থী ছাত্রনেতাকে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় উদ্বেগ ও প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) বিষয়টির সঙ্গে জড়িত ডিসি মাসুদসহ পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া দাবি জানিয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানিয়েছে ডাকসু। ডাকসুর কার্যনির্বাহী সদস্য হেমা চাকমা সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, অত্যন্ত গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছি যে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশ পুলিশ আজকে ঢাবি ছাত্র ও বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের সহসভাপতি নাঈম উদ্দীনের ওপর কোনও প্রমাণ ছাড়াই হামলা চালিয়েছে। ডিসি মাসুদের নির্দেশে সংঘটিত এ হামলা শাসন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।