তিতুমীর কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে মুখরিত গোটা ক্যাম্পাস এলাকা

স্টাফ রিপোর্টারঃ
ঢাবি ও সাত কলেজের চলমান ইস্যুকে কেন্দ্র করে কয়েকদফা বিক্ষোভ করেছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

রবিবার দিবাগত রাতে বিক্ষোভ শুরু হয়ে সোমবার বেলা ১২ পর্যন্ত ৩ বার বিক্ষোভ করে কলেজটির শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাত কলেজের শিক্ষার্থীদের ওপর হামলা এবং ঢাবি প্রশাসনের আগ্রাসনের বিরুদ্ধে রবিবার মধ্যরাতে হঠাৎ বিক্ষোভ করে তিতুমীরের শিক্ষার্থীদের একটি অংশ। এসময় শিক্ষার্থীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করে আসছে। রেজাল্ট জটিলতা, পরীক্ষা নিয়ে টালবাহানা—আমরা এসব থেকে মুক্তি চাই। আজ ঢাবির শিক্ষার্থীরা সাত কলেজের শিক্ষার্থীদের ওপর যে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে, তার তীব্র নিন্দা জানাই।

এরপর সোমবার বেলা ১১টার দিকে আবারও বিক্ষোভ করেন তিতুমীর কলেজ শিক্ষার্থীরা।এসময় তারা ঢাবির প্রো-ভিসি অধ্যাপক ড. মো. মামুন আহমেদের পদত্যাগ দাবি করেন। বিক্ষোভ সমাবেশটি কলেজের শহীদ মামুন চত্বর থেকে শুরু হয়ে মহাখালি টিভি গেট হয়ে ক্যাম্পাসের প্রধান ফটকে এসে শেষ হয়। বিক্ষোভে সমন্বয়ক নীরব হাসান সুজন বলেন, যারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজকে মুখোমুখি দাঁড় করিয়ে উসকানি দিয়েছে, তাদের বিচার করতে হবে। তিনি দায়িত্বশীল জায়গায় থেকে যে আচরণ করেছেন, তা কাম্য নয়। আমরা তার পদত্যাগ চাই। তিনি আরও বলেন, তিতুমীর কলেজের শিক্ষার্থীরা সব সময় ন্যায্য আন্দোলনের সঙ্গে আছে এবং আমাদের আন্দোলন থেকে কেউ যেন ফায়দা নিতে না পারে, সে বিষয়ে আমরা সতর্ক আছি।

দুপুর ১২টার দিকে ফের বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে দুই দফা দাবি পেশ করেন। দাবি গুলো হলো: ঢাবির প্রো-ভিসির পদত্যাগ ও অধিভুক্তি বাতিল করা। এসময় শিক্ষার্থীরা বলেন, ঢাবির প্রো-ভিসি সাত কলেজের শিক্ষার্থীদের সাথে যে অন্যায় করেছে তার প্রতিবাদ হওয়া উচিত। প্রতিবাদ করতে গেলে তাদের প্রতি আবার অন্যায় অবিচার করা হয়েছে। সেসব অন্যায়ের প্রতিবাদে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়েছে। ২৪ ঘন্টার মধ্যে ঢাবির অধিভুক্তি বাতিল না করা হলে আমরা লংমার্চ টু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মসুচী পালন করবো।

শিরোনাম