স্টাফ রিপোর্টার:
তিন বাহিনী যা বলেছিল রাষ্ট্রপতিকে। অসাংবিধানিকভাবে রাষ্ট্রপতি অপসারণসহ বিভিন্ন মহলের চক্রান্ত ব্যর্থ হওয়ার নেপথ্যে সশস্ত্র বাহিনীর ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। গত শুক্রবার রাতে কালের কণ্ঠকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। রাষ্ট্রপতি বলেন, ‘গত দেড় বছরে অনেক প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে যেতে হয়েছে। কখনো বঙ্গভবনে মব সৃষ্টি করে মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা, কখনোবা আড়ালে গভীর চক্রান্ত।
সবই ছিল আমাকে উপড়ে ফেলার ষড়যন্ত্র। রাষ্ট্রপতি জানান, নানা সংকটের মধ্যে একা তাঁর পক্ষে মনোবল অটুট রাখা কঠিন হতো, যদি না বিভিন্ন মহল থেকে আশ্বাস ও অভয়বাণী পেতেন। বিশেষ করে তিন বাহিনীর পক্ষ থেকে তিনি সর্বোচ্চ সমর্থন পেয়েছেন বলে উল্লেখ করেন তিনি। রাষ্ট্রপতির ভাষায়, বাহিনীপ্রধানরা তাঁকে স্পষ্ট করে জানিয়েছিলেন, রাষ্ট্রপতি হচ্ছেন সশস্ত্র বাহিনীর প্রধান; রাষ্ট্রপতির পরাজয় মানে পুরো সশস্ত্র বাহিনীরই পরাজয়, যা তারা যেকোনো মূল্যে রোধ করবেন।