তেলের জন্য সিরিয়াল বাণিজ্য গুণতে হচ্ছে মোটরসাইকেল প্রতি ৫০ টাকা
রাজশাহী প্রতিনিধি:
তেলের জন্য সিরিয়াল বাণিজ্য গুণতে হচ্ছে মোটরসাইকেল প্রতি ৫০ টাকা। রাজশাহী নগরীর পেট্রোল পাম্পগুলোতে আগের রাত থেকে দেখা মিলছে লম্বা লাইনের। যে পাম্পে তেল দেওয়া হচ্ছে সে পাম্পেই লম্বা লাইন চোখে পড়ছে। অনেকে সন্ধ্যার পর থেকে নিজের মোটরসাইকেল নিয়ে এনে রাখছেন। এ জন্য নিরাপত্তা প্রহরীকে দিতে হচ্ছে টাকা। একেকটি মোটরসাইকেল থাকছে ১২ ঘণ্টারও বেশি।
শুক্রবার (১০ এপ্রিল) রাতে দেখা যায়, নগরীর সাগরপাড়ায় অবস্থিত আফরিন ফিলিং স্টেশনের সামনে দীর্ঘ সারিতে মোটরসাইকেল রাখা হয়েছে। অনেকেই রাতে ৫০ টাকার বিনিময়ে গাড়ি লাইনে রেখে সকালে এসে আবার দাঁড়াচ্ছেন। পাঁচজনের একটি দল এই লাইনের সমন্বয় করছেন। তাদের একজন ঈসা নামে পরিচিত। তিনি খাতায় মোটরসাইকেলের মালিকের নাম ও ফোন নম্বর লিখে রাখছেন। বিনিময়ে নেওয়া হচ্ছে ৫০ টাকা। তবে, এর জন্য কোনও টোকেন দেওয়া হচ্ছে না। রাতে টাকা ছাড়া কাউকে এই লাইনে দাঁড়াতে দেওয়া হচ্ছে না।