থামছে না মব সন্ত্রাস,সন্ত্রাসের শিকার ব্যক্তিই হচ্ছেন আসামী
নিজস্ব প্রতিনিধিঃ
থামছে না মব সন্ত্রাস,সন্ত্রাসের শিকার ব্যক্তিই হচ্ছেন আসামী। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে বিচারবহির্ভূত হামলা বা মারধরের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে জনমনে। বিশেষ করে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে কিছু দিন পরপরই এমন ঘটনা ঘটছে। এসব ঘটনায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন। হেনস্তার শিকার হয়েছেন মুক্তিযোদ্ধা, শিক্ষক, রাজনীতিবিদ, সাধারণ মানুষসহ অনেক বিশিষ্ট ব্যক্তি। অনেক সময় নিরাপত্তা বেষ্টনী ভেদ করেই নির্দিষ্ট ব্যক্তির ওপর অতর্কিত হামলা চালাচ্ছে একটি চক্র। কিন্তু এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা যেন নির্বিকার।
কিছু কিছু ক্ষেত্রে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো আক্রান্ত ব্যক্তিদেরই আটক করছে পুলিশ। আটকের এক-দুদিন পর তাদের নামে দেওয়া হচ্ছে হত্যা বা সন্ত্রাসবিরোধী আইনের মামলা। শুধু তাই নয়— সামাজিক যোগাযোগমাধ্যমেও অপছন্দের ব্যক্তির ওপর হামলে পড়ছেন একদল মানুষ। কোনও একটি ঘটনাকে বৈধতা দিতে গিয়ে বিগত সরকারের সময়ের কিছু ঘটনার চিত্র সামনে এনে পক্ষে-বিপক্ষে বিতর্কে জড়িয়ে পড়ছেন কেউ কেউ।