সংবাদ জমিন রিপোর্টঃ
ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা,ঘাতক স্বামী আটক। রাজধানীর দক্ষিণখানে পরকীয়া সন্দেহে স্ত্রী আকলিমা বেগমকে (৩৩) এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করেছেন স্বামী মাসুদ আলম (৪৩)। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে দেওয়ানবাড়ি পাকার মাথা এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আকলিমা বেগমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করার সময় ধস্তাধস্তির একপর্যায়ে মাসুদের হাতও কেটে যায়। পরে আশপাশের লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। গুরুতর আহত অবস্থায় রাত ১১টা ৫৫ মিনিটের দিকে আকলিমাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, হত্যাকাণ্ডের সময় স্থানীয়দের সহায়তায় মাসুদকে আটক করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে।