দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর দশমিনায় স্ত্রীর ছুরিকাঘাতে গোপনাঙ্গ হারাতে বসেছেন মো. সোহেল খান নামে এক ব্যবসায়ী। স্বামীর পরকীয়া সন্দেহে স্ত্রী মোসা. সাবিনা ইয়াসমিন এমন কাণ্ড ঘটান বলে জানা গেছে। শুক্রবার দিবাগত রাতে ওই ব্যবসায়ীর উপজেলা সদরের পূজাখোলা এলাকার ভাড়া বাসায় এ ঘটনা ঘটেছে।
উপজেলার সদর ইউনিয়নের মো. বেল্লাল খানের ছেলে ব্যবসায়ী মো. সোহেল খানের সঙ্গে একই ইউনিয়নের ছত্তার কাজীর মেয়ে মোসা. সাবিনা ইয়াসমিনের ২০০৯ সালে বিয়ে হয়। তাদের সংসারে দুই পুত্রসন্তান রয়েছে। পারিবারিক নানা সমস্যার কারণে সোহেল তার স্ত্রী সাবিনাকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। সম্প্রতি স্বামী সোহেল পরকীয়া প্রেমে আসক্ত হয়ে পড়েছেন এমন সন্দেহে সাবিনা এবং তার স্বামীর মধ্যে দৈনন্দিন কলহের সৃষ্টি হয়। ঘটনার দিন দিবাগত রাতে সোহেল ঘরে ঘুমিয়ে পড়লে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সাবিনা বালিশের নিচে লুকিয়ে রাখা ফল কাটার ছুরি দিয়ে সোহেলের গোপনাঙ্গে আঘাত করেন। এতে সোহেলের গোপনাঙ্গ রক্তাক্ত জখম হয়ে তার গোপনাঙ্গ হারানোর শঙ্কা দেখা দেয়।
দশমিনা থানার ওসি নূরুল ইসলাম মজুমদার বলেন, এ ঘটনায় সোহেলের স্ত্রী মোসা. সাবিনা ইয়াসমিনকে আটক করা হয়েছে।