দিনাজপুর প্রতিনিধিঃ
আগুনে পুড়ে ছাই হলো ১১ বাড়ি,মৃত্যু-১। দিনাজপুরের নবাবগঞ্জে আগুনে ১১টি বাড়ি ভস্মীভূত হয়েছে। এ সময় ঘর থেকে বের হতে না পেরে অসুস্থ এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মহারাজপুর গুচ্ছগ্রামে এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে ভয়াবহ এই আগুনের ঘটনাটি ঘটেছে।
এ ঘটনায় গুচ্ছগ্রামের রইচ উদ্দিন (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ছাড়াও সাতটি গরুও পুড়ে মারা গেছে। পুড়ে গেছে ১১টি বাড়ির কাপড়-চোপড়, আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্র। পুলিশ ও স্থানীয়রা জানান, গুচ্ছগ্রামের একটি ঘরে আগুন লাগে। মুহূর্তেই সেই আগুন চারপাশে ছড়িয়ে পড়লে আতঙ্ক সৃষ্টি হয়। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন এবং বিষয়টি ফায়ার সার্ভিসকে জানান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।