চাঁদপুর প্রতিনিধিঃ
দুবাইয়ে হত্যার শিকার সবুজের লাশ অবশেষে দেশে এলো। জীবিকার তাগিদে স্বপ্নের সন্ধানে দুবাই পাড়ি জমিয়েছিলেন চাঁদপুরের মতলব উত্তরের যুবক মো. সবুজ (৩৬)। কিন্তু সেই প্রবাস জীবনেই হত্যার শিকার হয়ে ফিরলেন নিথর দেহ হয়ে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে অ্যাম্বুলেন্সযোগে সবুজের লাশ গ্রামের বাড়িতে পৌঁছালে মুহূর্তেই কান্নায় ভেঙে পড়ে স্বজনরা। প্রবাসে নিহত তরুণকে শেষবারের মতো দেখতে গ্রামের শত শত মানুষ ছুটে আসেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২২ আগস্ট রাত ৯টার দিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আজমান কেরামা এলাকায় ওমান প্রবাসীর হাতে হত্যার শিকার হন সবুজ। প্রায় এক মাস কাগজপত্র ও আইনি প্রক্রিয়ার জটিলতায় মরদেহ পড়ে ছিল বিদেশের মাটিতে। সব আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশে আসে তার মরদেহ।