দেবপ্রিয় ভট্টাচার্য বললেন,উগ্র গোষ্ঠীর কাছে অন্তর্বর্তী সরকার জিম্মী
সংবাদ জমিন রিপোর্ট:
দেবপ্রিয় ভট্টাচার্য বললেন,উগ্র গোষ্ঠীর কাছে অন্তর্বর্তী সরকার জিম্মী। নতুন শক্তির কথা বললেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শেষ পর্যন্ত ‘একটি ক্ষুদ্র ও উগ্র গোষ্ঠীর’ কাছে অনেক ক্ষেত্রে জিম্মি হয়ে পড়েছে বলে দাবি করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। তার মতে, এমন বাস্তবতায় আসন্ন ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সরকার নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পারবে কি না সে প্রশ্ন উঠছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ‘আগামী সরকারের জন্য নির্বাচিত নীতি সুপারিশ ও প্রস্তাবিত জাতীয় কর্মসূচি’ শীর্ষক সংবাদ ব্রিফিংয়ে এই দাবি করেন দেবপ্রিয় ভট্টাচার্য। এসডিজি বাস্তবায়নে গঠিত ‘নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ’ এই ব্রিফিংয়ের আয়োজন করে। দেবপ্রিয় ভট্টাচার্য এই প্ল্যাটফর্মের আহ্বায়ক। তিনি অন্তর্বর্তী সরকার গঠনের পর অর্থনীতির বর্তমান অবস্থা পর্যালোচনায় গঠিত অর্থনীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটিরও প্রধান ছিলেন।