সংবাদ জমিন ডেস্কঃ
আলাপ-আলোচনার মাধ্যমে চলমান সহিংসতার অবসান ঘটিয়ে দেশে শান্তি ফিরিয়ে আনার দাবি করে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, আমরা চাই আলোচনার মাধ্যমে একটি সুষ্ঠু সমাধান হোক। আমাদের সন্তানরা শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যাক। আর কারও মায়ের বুক যেন খালি না হয়। তিনি শনিবার সকালে সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে সমবেত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেয়ার সময় এ কথা বলেন।
আন্দোলনের সময় তার ব্যক্তিগত সহকারী জুয়েল মোল্লাকে হত্যা করে তাকে হত্যার উদ্দেশ্যে দুর্বৃত্তরা হামলা করেছিল দাবি করে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, প্রশাসনে ঘাপটি মেরে থাকা দুর্নীতিবাজ কর্মকর্তারা শেখ হাসিনাকে প্রশ্নবিদ্ধ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে বেশি অন্য কেউ দেশপ্রেমিক হতে পারে না। আর ভাঙচুর না করে, মায়ের বুক খালি না করে শান্ত থেকে তার সঙ্গে আলোচনা করে পরিস্থিতির সমাধান করতে হবে।