রাজবাড়ী প্রতিনিধি
দৌলতদিয়া ঘাটে ফেরিতে আগুন,যাত্রীদের মধ্যে আতঙ্ক। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নোঙর করা শাহ্ মখদুম নামের একটি রো রো ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটেছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকাল আনুমানিক পৌনে ৪টার দিকে ৪ নম্বর ফেরিঘাটে ফেরিটির ইঞ্জিন অংশের সাইলেন্সারের পাইপ থেকে আগুনের সূত্রপাত হয়। ঘটনার সময় ফেরিতে যাত্রী ও বিভিন্ন যানবাহন অবস্থান করছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে ফেরির সাইলেন্সার পাইপের ভেতর থেকে আগুন বের হতে দেখা যায়। প্রথমে বিষয়টি তেমন গুরুতর মনে না হলেও আগুন দীর্ঘ সময় ধরে জ্বলতে থাকায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে দ্রুত ফেরিতে থাকা যানবাহনগুলো পন্টুনে নামিয়ে ফেলা হয়।
খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল বাসেদ খান জানান, দ্রুত আগুন নেভানো সম্ভব হলেও তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।