নিজস্ব প্রতিনিধি:
অটো রাইস মিলে ডাকাতি। ঢাকার ধামরাইয়ে একটি অটো রাইস মিলে সংঘটিত দুঃসাহসিক ডাকাতির ঘটনায় প্রায় ৮ লাখ টাকা মূল্যের ৬৩৩ বস্তা চাল লুট হয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ধামরাই পৌরসভার আইঙ্গন এলাকায় অবস্থিত বিসমিল্লাহ অটো রাইস মিলে এই ঘটনা ঘটে।
পুলিশ ও মিল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, রাতের আঁধারে ৮ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল মিলের পেছনের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। তারা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মিলের নৈশপ্রহরীসহ চারজন শ্রমিককে হাত-পা বেঁধে একটি কক্ষে আটকে রাখে। এরপর মিলের ভেতরে একটি ট্রাক ঢুকিয়ে দীর্ঘ সময় ধরে ৬৩৩ বস্তা চাল লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান গণমাধ্যমকে বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।”