ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধে কঠোর ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত
স্টাফ রিপোর্টার|
দেশব্যাপী অরাজকতা, অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেনাসদরে আয়োজিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, চলমান অরাজকতা, অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধের মাধ্যমে দেশের স্থিতিশীলতা রক্ষায় সশস্ত্র বাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থান গ্রহণের বিষয়ে বাহিনী প্রধানগণ কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়। গতকাল সেনাসদরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ জামান এর সঙ্গে নৌ ও বিমান বাহিনী প্রধানের উপস্থিতিতে নবনিযুক্ত পুলিশের আইজিপি, র্যাব’র মহাপরিচালক এবং ডিএমপি কমিশনার সাক্ষাৎ করেন। এ সময় আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেনাবাহিনীর সহায়তায় দেশের সকল থানার কার্যক্রম শুরু করার বিষয়ে আলোচনা হয়।