নড়াইলে মাশরাফিসহ ১০ আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ

নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে উত্তাল ও উত্তেজনা অবস্থা বিরাজ করছে। সোমবার দুপুরে শেখ হাসিনার পদত্যাগের খবরে উত্তাল হয়ে উঠে নড়াইল। ছাত্র-জনতা ও আওয়ামী লীগ বিরোধী জনগণ রাস্তায় নেমে আসে। নড়াইল মিছিলের শহরে পরিণত হয়। বিক্ষুব্ধ জনতা নড়াইল জেলা আওয়ামী লীগ কার্যালয়, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলুর বাড়ি ভাঙচুর করে ও পুড়িয়ে দেয়। এ ছাড়া নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মোর্তজা, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, কলাবাড়িয়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এডভোকেট মাহামুদুল হাসান কায়েস, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আলহাজ ওয়াহিদুজ্জামানের বাড়িসহ শহরের অন্তত ১০টি বাড়ি ভাঙচুর করে।

জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সুবাস চন্দ্র বোসের প্রাইভেটকার পুড়িয়ে দেয়া হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলুর বাসায় থাকা জিপ ও মাইক্রো পুড়িয়ে দেয়া হয়। প্রায় ২ ঘণ্টা ধরে তার বাড়িটি পুড়তে থাকে। এ সময় একটি সুযোগ সন্ধানী চক্র নিলু খানের বাড়ি হতে মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। নড়াইল শহরসহ বিভিন্ন গ্রামে আওয়ামী লীগ, শেখ হাসিনা ও নড়াইল-২ আসনের এমপি মাশরাফির বিরুদ্ধে বিভিন্ন স্ল্লোগানসহ বিক্ষোভ মিছিল হয়।

।

শিরোনাম