নবীনগরে পুত্রের হাতে প্রাণ গেল পিতার

নিজস্ব প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুত্রের হাতে এক পিতা নির্মমভাবে খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত ওই পিতার নাম আব্দুল সালাম (৭২)। তিনি এলাকায় কাপড়ের ব্যবসা করতেন। গতকাল সকাল আনুমানিক ৮টার দিকে নবীনগর পৌর এলাকার পশ্চিমপাড়া গোল মসজিদের সঙ্গের একটি বসতবাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মো. সুমন (৩৪) ও মো. মিজানুর রহমান প্রকাশ সোহেল (২৬) নামে দুই পুত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যায়, পারিবারিক সম্পত্তি বণ্টনসহ নানান বিষয় নিয়ে প্রায় ঝগড়াঝাটি লেগে থাকতো তাদের পরিবারে। বৃহস্পতিবার সকালে জায়গা বণ্টনের বিষয় নিয়ে মাতা হাফেজা বেগমের সঙ্গে পুত্র সুমন ও সোহেলের তর্ক-বিতর্ক সৃষ্টি হলে মাকে মারধর করতে থাকে তারা। পিতা আব্দুল সালাম সকালের বাজার শেষে বাড়ি ফিরে তার স্ত্রীকে মারতে দেখে প্রতিবাদ করলে তারা তাকেও মারধর করে গলা চিপে ধরলে তিনি অচেতন হয়ে পড়েন। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে বৃদ্ধ আব্দুল সালাম মিয়াকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে গ্রেপ্তারকৃত সুমন ও সোহেলকে জিজ্ঞেসা করলে তারা জানায়, আমাদের পিতা হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছে।

নবীনগর থানার ওসি মাহাবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আমাদের তদন্ত চলমান রয়েছে।

শিরোনাম