নরসিংদীর চরাঞ্চলে মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত-১৫
বিশেষ প্রতিনিধিঃ
মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত-১৫। নরসিংদীর চরাঞ্চল চরদিঘলদীতে খেয়াঘাটের অতিরিক্ত ভাড়া আদায়ের জের ধরে মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় টেঁটাবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হন। আজ শনিবার সদরের মাধবদীর জিতরামপুরে দুই দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, জিতরামপুরে আধিপত্য বিস্তার ও খেয়াঘাটে ভাড়ার অতিরিক্ত টাকা আদায় নিয়ে স্থানীয় শহিদ মিয়া ও চান মিয়া গ্রুপের মধ্যে বিরোধ চলছে। এ নিয়ে গত সোমবার ও মঙ্গলবার দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হন। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল।
নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নেওয়া আহত ব্যক্তিদের মধ্যে আছেন ফখরুল (৪৫), খায়রুল (৪০), আরাফাত (২৫), জাকির (৫০), রুবেল (৩২), ছোট জাকির (৩৫), মো. দুলাল (৫০), খালেক মিয়া (৬০) প্রমুখ। এ বিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, ভোরের দিকে উত্তেজিত হয়ে ওই দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিলে পরিস্থিতি শান্ত হয়।