নলডাঙ্গায় স্কুলছাত্রকে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা, আটক-৪
নাটোর প্রতিনিধিঃ
নটোরের নলডাঙ্গার পিপরুলের বাড়ি থেকে ডেকে নিয়ে স্কুলছাত্রকে হাত-মুখ বেঁধে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেছে বন্ধুরা। এ ঘটনায় দুই সহপাঠীসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকালে উপজেলার পাটুল-হাঁপানিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র হিমেলকে পিপরুল গ্রামের বাড়ি থেকে ডেকে নেয় সহপাঠী পার্থ। এরপর থেকে নিখোঁজ ছিল হিমেল। এ ঘটনায় হিমেলের বাবা স্থানীয় টিসিবি ডিলার ফারুক সরদার থানায় অভিযোগ করলে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ রাতে পিপরুল গ্রামের গৌরাঙ্গের ছেলে পার্থকে আটক করে।
তার দেয়া তথ্য অনুযায়ী অপর সহপাঠী হাঁপানিয়ার রবিউলের ছেলে মেহেদী এবং এলাকার সিনিয়র বন্ধু সুজন ও শিমুলকে আটক করে পুলিশ। পরে তাদের সঙ্গে নিয়ে রাত দেড়টার দিকে স্থানীয় পিপরুল ইউনিয়ন পরিষদ ভবনের পেছনে পরিত্যক্ত ভবনের পাশের একটি ভুট্টা ক্ষেত থেকে হিমেলের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার কারণ উদ্ঘাটনে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানায় পুলিশ।
এ ব্যাপারে থানার ওসি মনোয়ারুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।