নাটোর প্রতিনিধিঃ
নাটোরের বড়াইগ্রামে আগুনে পুড়ে সময় টিভি’র সিনিয়র রিপোর্টার আলতাফ হোসেনের ৯ মাসের শিশু কন্যা আলিজা খাতুন নিহত হয়েছে। গত রাত ১২টার দিকে বড়াইগ্রাম উপজেলার জোনাইল এলাকার শিমুলতলার কায়েস মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।
আলতাফ এর আগে ‘দৈনিক মানবজমিন’ এর ডিজিটাল বিভাগে কাজ করতেন। পরে খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আনে। বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আকরাম হোসেন বলেন, উপজেলার জোনাইল শিমুলতলা এলাকায় কায়েস মোল্লার বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনের সূত্রপাত হয়। এতে তার ছয় কক্ষ বিশিষ্ট দালান ঘর সম্পূর্ণরূপে পুড়ে যায়। এ সময় বাড়ির সদস্যরা বের হতে পারলেও ভেতরে আটকা পড়ে আগুনে পুড়ে শিশুটি মারা যায়।
বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।