নামাজ পড়া অবস্থায় বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক, আহত ৩ পুলিশ সদস্য
বিশেষ প্রতিনিধিঃ
নামাজ পড়া অবস্থায় বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক, আহত ৩ পুলিশ সদস্য। পাবনা সদর উপজেলায় নামাজ আদায় করা অবস্থায় বাবাকে কুপিয়ে হত্যা করেছেন এক ছেলে। খবর পেয়ে অভিযুক্ত ছেলেকে আটক করতে গিয়ে তার ছুরিকাঘাতে আহত হয়েছেন তিন পুলিশ সদস্য।
রবিবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার চরতারাপুর ইউনিয়নের পুরাতন ভাদুরডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নিজাম প্রামাণিক (৬০) ওই গ্রামের মৃত ইন্তাজ প্রামাণিকের ছেলে। এ ঘটনায় তার অভিযুক্ত ছেলে মোস্তফা প্রামাণিককে (৩৫) আটক করেছে পুলিশ। পরিবারের সদস্যরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে মোস্তফা প্রামাণিক মাদকাসক্ত। মাদকের টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা করেছেন।
তাকে আটকের সময় এলোপাতাড়ি ছুরিকাঘাতে সদর থানার তিন উপপরিদর্শক (এসআই) আহত হন। তারা হলেন, এসআই আবুবকর সিদ্দিক, জিয়াউর রহমান ও আবু রায়হান। এর মধ্যে জিয়াউর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।