নিখোঁজের ৩৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ পুকুর থেকে উদ্ধার, আটক-২
চাঁদপুর প্রতিনিধিঃ
নিখোঁজের ৩৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ পুকুর থেকে উদ্ধার, আটক-২। চাঁদপুরের শাহরাস্তিতে তিন বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে বাড়ির পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পানচাইল গ্রামের পাটোয়ারী বাড়ির ট্রাকচালক রুবেল হোসেনের মেয়ে তাসনুহা বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা তাকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। বাড়ির পুকুরে ডুবুরি দিয়ে তল্লাশি করে এবং জাল ফেলে তাসনুহাকে খুঁজে পাওয়া যায়নি।
একপর্যায়ে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর বৃহস্পতিবার রাত ১২টায় বাড়ির লোকজন পুকুর থেকে শিশুটির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেন। পরে খবর দিলে শাহরাস্তি থানা পুলিশ এসে মরদেহ নিয়ে যায়। এ সময় পুলিশ ও এলাকাবাসী তল্লাশি চালিয়ে শিশুটির চাচার ঘরের বিভিন্ন স্থানে রক্ত দেখতে পায়। পরে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য চাচা রিপন ও চাচি সাথী আক্তারকে আটক করে।