সুনামগঞ্জ প্রতিনিধিঃ
নিখোঁজ জমিয়ত নেতার ভাসমান লাশ উদ্ধার। নিখোঁজের তিন দিন পর জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি ও জেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর (৫২) ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গাজীনগর গ্রামে নিজ বাড়ি থেকে বাজারে যাওয়ার কথা বলে বেরিয়ে যান। পরে তিনি স্ত্রীকে ফোন করে বলেন, আমি সুনামগঞ্জ আসছি এক ঘণ্টার মধ্যে বাড়ি ফিরে আসবো। তারপর থেকে মুশতাক আহমদ গাজীনগরীর ফোন বন্ধ পাওয়া যায়। এরপর রাত ১১টায় তাকে দিরাই রাস্তার মোড়ে শেষবারের মতো দেখা যায়। তারপর পরিবারের লোকজন তার সঙ্গে আর কোনও যোগাযোগ করতে পারেননি। এ ঘটনার পর বুধবার (৩ সেপ্টেম্বর) শান্তিগঞ্জ থানায় তার স্ত্রী রুবি বেগম নিখোঁজ ডায়েরি করেন। পরে নিখোঁজের ঘটনা পুলিশ প্রশাসনকে জানানো হলে পুলিশ ও পরিবারের সদস্য এবং রাজনৈতিক দলের সহকর্মীরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন।
আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে দিরাই উপজেলার শরীফপুর গ্রামের পাশে নদীর পানিতে ভাসমান মরদেহ দেখে পরিবারের লোকজনকে খবর দিলে তারা এসে মুশতাক আহমদ গাজীনগরীর মরদেহ শনাক্ত করেন। পরে শান্তিগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।