নিজ দলের প্যানেলের বাইরে ডাকসু নির্বাচনে অংশ নিলে কঠোর ব্যবস্থা নিবে ছাত্রদলের
ঢাকা প্রতিনিধিঃ
নিজ দলের প্যানেলের বাইরে ডাকসু নির্বাচনে অংশ নিলে কঠোর ব্যবস্থা নিবে ছাত্রদলের। আসন্ন ডাকসু নির্বাচনে ছাত্রদলের ঘোষিত প্যানেলের বাইরে ছাত্রদলের কোনও নেতাকর্মীকে অংশগ্রহণ না করার নির্দেশনা দিয়েছে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা। শনিবার (২৩ আগস্ট) এ নির্দেশনা দেন ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।
ঢাবি ছাত্রদলের দফতর সম্পাদক মল্লিক ওয়াসী তামির সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ডাকসু ও হল সংসদগুলোর নির্বাচনের তফসিল অনুসারে আগামী ২৫ আগস্ট দুপুর ১টা প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময়। যেসব নেতাকর্মীরা ডাকসু ও হল সংসদগুলোর নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মনোনয়ন ফরম উত্তোলন করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক মনোনীত প্রার্থীরা বাদে তাদের সবাইকে যথানিয়মে নিজ নিজ প্রার্থীতা প্রত্যাহার করার জন্য নির্দেশনা প্রদান করা হচ্ছে। এ নির্দেশনা অমান্যকারী সবার বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।