নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ-অগ্নিসংযোগ
নড়াইল প্রতিনিধি:
নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ-অগ্নিসংযোগ। নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের বিলডুমুরতলা এলাকায় ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন মোল্লার বাড়িতে পেট্রোল বোমা মেরে প্রতিপক্ষ আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিনগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। নির্বাচন নিয়ে বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল-২ আসনে ধানের শীষের প্রার্থী ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ এবং কলস প্রতীকের বিএনপির ‘বিদ্রোহী’ স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলামের পরাজয়ের পর থেকেই তাদের সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছিল। তারই জের ধরে সোমবার সন্ধ্যার দিকে বাগডাঙ্গা বাজারে হবখালী ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি রিয়াজুল ইসলাম টিংকু এবং ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ আতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে আশরাফুল শেখ নামে টিংকু গ্রুপের এক যুবক আহত হন।