নির্বাচনি প্রচারণা শেষে ফেরার পথে গুলি করা হলো ছাত্রদল নেতাকে

বিশেষ প্রতিনিধি:
নির্বাচনি প্রচারণা শেষে ফেরার পথে গুলি করা হলো ছাত্রদল নেতাকে। নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছাত্রদল নেতা আমির হোসেনকে লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। গুলিতে তার গাড়ির কাচ ভেঙে গেছে। রবিবার (১ ফেব্রুয়ারি) রাতে আড়াইহাজারের বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। আমির হোসেন আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি। তিনি আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদি গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে আড়াইহাজার চৌরাস্তা থেকে বাড়ির উদ্দেশ্য গাড়ি নিয়ে যাওয়ার পথে আড়াইহাজারের বাইপাস সড়কে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেলে চড়ে দুই অজ্ঞাত ব্যক্তি এসে আমির হোসেনের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় চালকের আসনে বসা ছিলেন তিনি। পাশের আসনে বসা ছিলেন তার বন্ধু ও মাহমুদপুর ইউনিয়ন যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক সাদেকুর রহমান। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি, তবে গাড়ির কাচ ভেঙে গেছে।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ‘এ ঘটনায় আমির হোসেন মৌখিকভাবে আমাদের জানিয়েছেন। তার গাড়ির পেছনে থেকে মোটরসাইকেলে করে দুজন ব্যক্তি মুখোশ পরে তাদের লক্ষ্য করে গুলি ছুড়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। তদন্ত করে সংশ্লিষ্টদের চিহ্নিত করার কাজ চলছে।’

শিরোনাম