বিনোদন রিপোর্ট:
নিশো-মেহজাবীন জুটির তুলনা হয় না। টিভি কিংবা ওটিটি অথবা ইউটিউব; সব মাধ্যমেই নাটকের সবচেয়ে সফল জুটি হিসেবে ধরা হয় আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীকে। যদিও মাঝে লম্বা সময় এই জুটিকে একসঙ্গে পায়নি ভক্তরা। কারণ, দুজনেই নাটক অতিক্রম করে নিজেদের মেলে ধরেছেন সিনেমায়। এরমধ্যে নিশো বাণিজ্য ও অ্যাকশন ঘরানাকে বেছে নিলেও মেহজাবীন চৌধুরী নিজের লাগাম টেনে রেখেছেন রক্ষণশীল ফরমেটে। নিজের সিনেমা নিয়ে যোগ দিয়েছেন বিশ্বের বেশ ক’টি নামকরা উৎসবে, পেয়েছেন তুমুল করতালি ও পুরস্কার। বিপরীতে নিশো মাত করেছেন দেশ ও বিদেশের প্রেক্ষাগৃহ।
যেন দু’জনার দুটি পথ সফলভাবে দুটি দিকে গেছে বেঁকে। তবে সেই বেঁকে যাওয়া পথ দুটি আবার মিলছে একই বাঁকে। খবর মিলছে, দু’জনকে নিয়ে তৈরি হচ্ছে একটি সিনেমা। যেখানে বাণিজ্য আর শিল্প একে অপরের হাত ধরে এগিয়ে যাবে। কারণ, এটি নির্মাণ করছেন মেধাবী নির্মাতা ভিকি জাহেদ।