নুরাল পাগলার দরবারে হত্যার ঘটনায় ইমামসহ আরও দুজন গ্রেফতার
রাজবাড়ী প্রতিনিধিঃ
নুরাল পাগলার দরবারে হত্যার ঘটনায় ইমামসহ আরও দুজন গ্রেফতার। রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে হামলায় নিহত রাসেল মোল্লার বাবার করা মামলায় গোয়ালন্দ বাজার বড় মসজিদের ইমাম হাফেজ আবু সাইদকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে ফরিদপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবু সাইদ গোয়ালন্দ উপজেলার অম্বলপুর গ্রামের আব্দুল জলিল শেখের ছেলে। এছাড়া একই মামলায় পুলিশ ঢাকার নাখালপাড়া এলাকা হতে বুধবার রাতে রাসেল শেখ (২৪) নামের এক যুবককে গ্রেফতার করে। তিনি গোয়ালন্দ পৌরসভার দেওয়ান পাড়া গ্রামের আব্দুল কুদ্দুস শেখের ছেলে।
বৃহস্পতিবার গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ‘এ নিয়ে হত্যা মামলায় ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ।’এর আগে পুলিশ হত্যার ঘটনায় মানিকগঞ্জের দৌলতপুরের ১ জনকে গ্রেফতার করে।