বিশেষ প্রতিনিধি:
বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত-১০। নোয়াখালীর কোম্পানীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুইপক্ষের সংঘর্ষে এক সাবেক ইউপি চেয়ারম্যানসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) বিকালে উপজেলার চর এলাহী ইউনিয়নের এলাহী বাজারে এ ঘটনা ঘটে। আহত তাজুল ইসলাম চর এলাহী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এলাহী বাজারের বিএনপির এক পক্ষের নেতা ইব্রাহিম তোতা, ইসমাইল তোতা ও বাহাদুরের নেতৃত্বে হামলার সূচনা হয়। তারা হামলা চালিয়ে সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম, বিএনপি কর্মী মামুন, হেলাল, খোকন, সোহেল, ইসমাঈলসহ কমপক্ষে ১০ জনকে আহত করেন। স্থানীয় সূত্র জানায়, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে চর এলাহীতে বিএনপির সমর্থকরা আধিপত্য বিস্তার নিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। ২০২৫ সালের ২৭ আগস্ট আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হামলায় চর এলাহী ইউনিয়নের দলের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মতিন তোতা নিহত হন।
এ নিয়ে তোতার ছেলেরা অস্ত্রধারীদের দিয়ে বাহিনী গঠন করে নিজেদের আধিপত্য টেকাতে হামলা-সংঘর্ষে জড়িয়ে পড়েছেন। তোতার হত্যাকারী আখ্যা দিয়ে বিএনপির একটি পক্ষকে এ বাহিনী এলাকা ছাড়া করতে এলাকায় দাঙ্গা-হাঙ্গামা চালিয়ে আসছে। এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বাংলা ট্রিবিউনকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে অভিযান চালিয়েছে। সন্ত্রাসীরা এলাকা ছেড়ে গা-ঢাকা দিয়েছে। আহতদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় কাউকে সন্ত্রাসী কার্যক্রম করতে দেওয়া হবে না।