নোয়াখালীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া

বিশেষ প্রতিনিধিঃ
বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া। নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে মনোনয়নবঞ্চিত এবং মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণও ঘটে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ওছখালী বাজারের জিরো পয়েন্ট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পুলিশ ও দলীয় সূত্রে জানা যায়, বিকাল থেকে জিরো পয়েন্টের এক পাশে জড়ো হন বিএনপির মনোনয়নবঞ্চিত সাবেক সংসদ সদস্য ফজলুল আজিমের সমর্থকরা। একই সময়ে অপর পাশে অবস্থান নেন বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের সমর্থকরা। সন্ধ্যার দিকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ ও নৌবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এরপর ফজলুল আজিমের সমর্থকরা মাহবুবের রহমান শামীমের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ ও মশালমিছিল করেন। এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। তবে এতে কেউ আহত হয়নি।

শিরোনাম