নোয়াখালীতে সাংবাদিককে কুপিয়ে জখম, এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা
নোয়াখালী প্রতিনিধি:
সাংবাদিককে কুপিয়ে জখম, এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনকালে নোয়াখালী-৬ আসনের হাতিয়া উপজেলায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) প্রতিবেদক মিরাজ উদ্দিন। বৃহস্পতিবার দুপুরে চর ঈশ্বর ইউনিয়নের গামছাখালী এলাকায় হামলার ঘটনা ঘটে। এ সময় হামলায় মিরাজকে বহনকারী মোটরসাইকেলের চালক মো. সাকিবও গুরুতর আহত হন।
এর আগে বুধবার সন্ধ্যার পর থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত হাতিয়া উপজেলার বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত পাল্টাপাল্টি হামলায় বিএনপি ও এনসিপির প্রায় অর্ধশত কর্মী-সমর্থক আহত হয়েছেন। এর মধ্যে ৩৮ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এসেছেন। তাদের মধ্যে চার জনকে ভর্তি রেখে অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মো. ওয়াহিদুল হক।