পটুয়াখালী প্রতিনিধি:
বজ্রপাতে প্রাণ গেলো ৪ কৃষকের। পটুয়াখালীতে বজ্রাঘাতে এক নারীসহ চার জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলায় এ চার জনের মৃত্যু হয়। তারা সবাই কৃষিকাজে জড়িত। ঘটনার সময় খোলা মাঠে অবস্থান করেছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে কলাপাড়া উপজেলার তারিকাটা গ্রামে ভুট্টাক্ষেতে কাজ করার সময় জহির উদ্দিনের (২৮), দুপুর ২টার দিকে মাঠে গরুকে ঘাস খাওয়াতে যাওয়ার সময় পূর্ব চাকামাইয়া গ্রামের সেতারা বেগমের (৫৫), একই সময় মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে শান্তিপুর গ্রামের খালেক হাওলাদারের (৫৫) এবং সকাল ৯টার দিকে মাঠ থেকে গরু আনতে গিয়ে রাঙ্গাবালী উপজেলার চরগঙ্গা গ্রামের সৌরভ মজুমদারের (২২) মৃত্যু হয়। এ ছাড়া গত দুই দিনে কলাপাড়া ও রাঙ্গাবালীসহ জেলার বিভিন্ন স্থানে অন্তত ৩৫টি গরুর মৃত্যুর খবর পাওয়া গেছে। বজ্রাঘাতে এত বেশি গরুর মৃত্যু আগে ঘটেনি বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা।