পরকীয়া দেখে ফেলায় প্রতিবেশীর শিশুসন্তানকে হত্যা করা হয়
বিশেষ প্রতিনিধিঃ
গাজীপুরে পরকীয়া দেখে ফেলায় প্রতিবেশীর শিশুসন্তানকে হত্যা করা হয়। নিখোঁজের তিন দিন পর গাজীপুরের শ্রীপুরে বিল থেকে শিশু আনাস খানের (৪) লাশ উদ্ধারের ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। আনাসদের বাসার গৃহপরিচারিকা শাহিনুর বেগম ওরফে হাসিনার সঙ্গে প্রতিবেশী মোমেন খাঁয়ের পরকীয়া সম্পর্ক দেখে ফেলায় তাকে চোখ উপড়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৯টায় গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় পুলিশ।
সোমবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার রাজবাড়ী ইউনিয়নের চিনাশুকানিয়া গ্রামের বাঙ্গালপাড়া বিলের কচুরিপানার ভেতর থেকে আনাসের লাশ উদ্ধার করা হয়। আনাস চিনাশুকানিয়া মধ্যপাড়া গ্রামের সৌদিপ্রবাসী আল আমিন ও লিজা আক্তার দম্পতির দ্বিতীয় ছেলে। স্থানীয় একটি কিন্ডারগার্টেনে নার্সারি শ্রেণিতে পড়াশোনা করতো। মঙ্গলবার বিকালে আদালতের মাধ্যমে শাহিনুর বেগমকে কারাগারে পাঠানো হয়। তবে তার প্রেমিক হত্যার মূলহোতা মোমেন খাঁ একই গ্রামের মোতালেব খাঁর ছেলে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।