ফরিদপুর প্রতিনিধি:
পলাশ ফুলের আলিঙ্গনে বসন্ত। বসন্তের আগমনে প্রকৃতিতে রঙের ছোঁয়া লেগেছে। সড়কের পাশে ও বনাঞ্চলে ফুটেছে আগুনরাঙা পলাশ ফুল। ফরিদপুর প্রেসক্লাব চত্বরে কালো বৃন্তে রঙিন হয়ে ফুটেছে পলাশ ফুল। দৃষ্টিনন্দন এই ফুলের সৌন্দর্য আকৃষ্ট করছে চারপাশের মানুষকে। ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে, প্রকৃতির এই সাজ যেন নতুন প্রাণের বার্তা দিচ্ছে। দূর থেকে দেখলে মনে হয়, সবুজের মাঝে আগুনের শিখা জ্বলছে।
স্থানীয় বাসিন্দা মশিউর রহমান খোকন জানান, ‘প্রতি বছর বসন্তে পলাশ ফুল প্রকৃতিকে অন্যরকম রূপ দেয়। মানুষের মনেও আনন্দ ছড়িয়ে দেয়।’প্রকৃতিপ্রেমী অ্যাডভোকেট গাজী শাহিদুজ্জামান লিটন বলছেন, ‘পলাশ শুধু সৌন্দর্যের প্রতীক নয়, এটি বসন্তের সাংস্কৃতিক আবহেরও একটি গুরুত্বপূর্ণ অংশ। অনেকেই এই সৌন্দর্য উপভোগ করতে পলাশ গাছের কাছে ছুটে যাচ্ছে। স্থানীয় পরিবেশবিদ প্রফেসর আলতাব হোসেনের মতে, দেশি গাছ সংরক্ষণ ও বেশি করে পলাশসহ অন্যান্য ফুলের গাছ লাগানো হলে পরিবেশ সমৃদ্ধ হবে। এতে ভবিষ্যৎ প্রজন্মও প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবে। বসন্তের সময়ে পলাশের রূপ যেন মানুষকে নতুন দিনের বার্তা দেয়।
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী বলেন, ‘সুশোভিত পলাশ ফুল আমাদের হৃদয় মনকে দোলা দেয়। এর রঙ মন ভোলানোর মতো, যেকোনও মানুষকেই আকৃষ্ট করে। ক্লাবের চত্বরে বেড়ে ওঠা পলাশ গাছে ফুল শহরবাসীকে প্রতিনিয়ত মুগ্ধ করছে।’