নিজস্ব প্রতিনিধিঃ
পাওনা টাকা চাইতে গিয়ে প্রাণ গেলো মেকানিক।রাজধানীর শ্যামপুরের জুরাইন তুলা বাগিচা বাজার এলাকায় পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে মো. সজিব হোসেন (৩৫) নামে এক গাড়ির মেকানিক নিহত হয়েছেন।
সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা যায়, নিহত সজিব পেশায় গাড়ির মেকানিক ছিলেন। তিনি শাহিন নামে এক ব্যক্তিকে ছয় হাজার টাকা ধার দিয়েছিলেন। সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে ওই টাকা চাইতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শাহিন ছুরি দিয়ে সজিবের বুকে আঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে হত্যা মামলা দায়ের করা হয়েছে।