পাবনা প্রতিনিধি:
জব্দ করা হলো আড়াই হাজার লিটার জ্বালানি তেল। পাবনার চাটমোহর উপজেলায় অভিযান চালিয়ে দুই হাজার ৫০০ লিটার ডিজেল ও পেট্রোল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় কীটনাশক ও তেল ব্যবসায়ী মুকুল হোসেন এবং নসিমন চালক শামসুলকে আটক করা হয়েছে।
রবিবার (২৯ মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের রামচন্দ্রপুর মোড় এলাকায় অভিযান চালিয়ে নসিমন ও করিমন যানবাহনে থাকা ১২ ব্যারেল জ্বালানি তেল জব্দ করা হয়।
চাটমোহর থানার ওসি গোলাম সারোয়ার হোসেন জানান, জিজ্ঞাসাবাদে আটকরা জানান, তেলের মালিক উপজেলা সদরের জারদিস মোড় এলাকার মকবুল হোসেনের ছেলে লিটন এবং নিমাইচড়া ইউনিয়নের চিনাভাতকুর (কুজ্যার মোড়) এলাকার আফজাল হোসেনের ছেলে মুকুল হোসেন। তারা বাঘাবাড়ী এলাকা থেকে তেল কিনে আনছিলেন বলে দাবি করলেও কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।