পাবনা প্রতিনিধি:
ভোট পুনর্গণনার দাবিতে ডিসি অফিস ঘেরাও, বিএনপির বিক্ষোভ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার দুটি গুরুত্বপূর্ণ আসন পাবনা-৩ (চাটমোহর-ফরিদপুর-ভাঙ্গুড়া) ও পাবনা-৪ (আটঘরিয়া-ঈশ্বরদী) এলাকায় বিএনপির দুই ‘হেভিওয়েট’ প্রার্থীর পরাজয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। নির্বাচনের ফলাফল পুনর্গণনার দাবিতে ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) দুপুরে পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছেন বিএনপির নেতাকর্মীরা।
খোঁজ নিয়ে জানা যায়, পাবনা-৩ আসনের (ভাঙ্গুড়া-চাটমোহর-ফরিদপুর) বিএনপি মনোনীত প্রার্থী জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের নেতৃত্বে শুক্রবার দুপুর থেকে বিএনপির নেতাকর্মীরা পাবনা ডিসি অফিসে জড়ো হতে থাকেন। পরে এতে যোগ দেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের প্রার্থী ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবীব, পাবনা-৫ আসনের জয়ী প্রার্থী শাসসুর রহমান শিমুল বিশ্বাস এবং তার কর্মী-সমর্থকরা।