গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল না পেয়ে গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করেছেন মোটরসাইকেল চালকরা। এতে ঢাকা-খুলনা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালে গোপালগঞ্জ পৌরসভার মান্দরতলা এলাকায় নিগি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। তবে পুলিশের হস্তক্ষেপে এক ঘণ্টা পর অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
নিগি ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, বুধবার সকাল ৯টা থেকে রাত আড়াইটা পর্যন্ত কর্মচারীরা বিরতিহীন কাজ করেন। অতিরিক্ত কাজের চাপে তারা আজ সকালে কাজে যোগ দেননি। কর্মচারী সংকটে সকাল থেকে ফিলিং স্টেশনে তেল সরবরাহ বন্ধ ছিল। এতে অপেক্ষমাণ চালকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং বেলা আড়াইটার দিকে তারা মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকদের বুঝিয়ে বিকাল সাড়ে ৩টার দিকে সড়ক থেকে সরিয়ে দেয়। এতে যান চলাচল স্বাভাবিক হয়।