পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুর-পাড়েরহাট সড়কের বেলতলা এলাকায় ত্রিমুখী সংঘর্ষে দুই নারীসহ ৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন। গতকাল দুপুরে পিরোজপুর-পাড়েরহাট সড়কের ঝাউতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো,স্বপন হাওলাদার, মো. হেমায়েত, খাইরুল, নাইম, মনসুরা বেগম, আলমগীর, জেসমিন। পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ-পরিচালক মো. সেলিম মিয়া জানান, গতকাল দুপুর পৌনে ১২টার দিকে একটি অটোরিকশা পিরোজপুর থেকে পাড়েরহাট যাওয়ার পথে ঝাউতলা নামক স্থানে যাত্রী নামাচ্ছিল। এ সময় পিরোজপুর থেকে একটি যাত্রীবাহী বাস ইন্দুরকানী যাবার পথে ওই অটোরিকশাকে ক্রস করায় অটোরিকশা, মোটরসাইকেল ও বাসের ত্রিমুখী সংঘংর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ৪ জন ও পিরোজপুর সদর হাসপাতালে নেবার পথে আরও ৩ জন নিহত হয়। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছে বলে পিরোজপুর সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।পিরোজপুর সদর থানার ওসি মো. আতিকুজ্জামান জানান, আহতদের পিরোজপুর হাসপাতালে ও গুরুতর আহতদের খুলনা ও বরিশালের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।