পুলিশের সামনেই বৃদ্ধকে পিটিয়ে হত্যা,বিএনপি নেতা আটক

বরিশাল প্রতিনিধি:
পুলিশের সামনেই বৃদ্ধকে পিটিয়ে হত্যা,বিএনপি নেতা আটক। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরহোগলা পৌর এলাকায় পুলিশের উপস্থিতিতে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রবিবার বিকালে সালিশি বৈঠকে হামলায় নিহত হন খোরশেদ সিকদার (৬৫)। এ ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে মেহেন্দিগঞ্জ পৌর বিএনপির ১ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাওলাদারকে আটক করেছে পুলিশ।

একাধিক প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘর নির্মাণের পাওনা পঞ্চাশ হাজার টাকা নিয়ে দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি মীমাংসার জন্য রবিবার বিকালে সালিশি বৈঠক ডাকা হয়। ওই বৈঠকে দুই গ্রুপের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুলিশ সদস্যরা। তাদের সামনেই সংঘর্ষ চলাকালে খোরশেদকে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর আহত করা হয়। তাকে মেহেন্দিগঞ্জ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ সুপার এজেডএম মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি মেহেন্দিগঞ্জ থানা পুলিশ তাকে অবহিত করেছে। সংঘর্ষ চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা চেষ্টা চালায়। তাদের উপস্থিতিতেই খোরশেদকে আহত করা হয়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শিরোনাম