কুড়িগ্রাম প্রতিনিধি:
পুলিশের সামনেই শিবির নেতাদের ওপর ছাত্রদলের হামলা। কুড়িগ্রামের রাজারহাটে পুলিশের সামনে ইসলামী ছাত্রশিবিরের দুই নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলায় এক শিবির নেতার মাথা ফেটে যাওয়ায় তাকে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলা শহরের রাজারহাট স্কুল অ্যান্ড কলেজের সামনে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় আহত শিবির নেতাদের নাম সুজন মিয়া ও সামিদ সাকি মাহিন। সুজন মিয়া রাজারহাট উপজেলা পশ্চিম থানা শিবির সভাপতির দায়িত্বে রয়েছেন। তার বাড়ি উপজেলার ঘড়িয়ালডাঙা ইউনিয়নে বলে জানা গেছে। আর মাহিন ছাত্রশিবিরের রাজারহাট উপজেলা শাখার সাবেক অফিস সম্পাদক এবং জেলা স্কুল বিভাগের বাইতুল মাল সম্পাদক। তার বাড়ি উপজেলার চাকিরপশার ইউনিয়নে।
তাদের ওপর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল পাটোয়ারী, সদস্যসচিব মিজানুর রহমান সাদ্দাম, সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সোহাগ, সেক্রেটারি নাছিম এবং ছাত্রদল নেতা আল মিজান মাহিনসহ বেশ কয়েকজন হামলা করেছেন বলে জানিয়েছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী।