পুলিশ হেফাজতে আহত যুবকের মৃত্যু, ফাঁড়ির ইনচার্জ গ্রেফতার
নিজস্ব প্রতিনিধিঃ
পুলিশ হেফাজতে আহত যুবকের মৃত্যু, এ ঘটনায় ফাঁড়ির ইনচার্জকে গ্রেফতার করা হয়েছে।ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় চোর সন্দেহে এক যুবককে পিটুনি দেওয়ার পর তাকে পুলিশ হেফাজতে আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে। এরপর চার দিন পার হলেও তাকে আদালতে তোলা হয়নি।
পুলিশের হেফাজতেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রবিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। এ ঘটনায় করা মামলায় অস্থায়ী এক পুলিশ ক্যাম্পের ইনচার্জকে সোমবার সকালে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।
নিহত যুবকের নাম মো. আব্দুল্লাহ (২৭)। তিনি বাঞ্ছারামপুর উপজেলার তেজখালী ইউনিয়নের বাহেরচর গ্রামের মো. আবুল হোসেনের ছেলে। ২৩ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা পর্যন্ত আব্দুল্লাহ নবীনগর উপজেলার ছলিমগঞ্জ অস্থায়ী পুলিশ ক্যাম্পে পুলিশ হেফাজতে ছিলেন বলে দাবি পরিবারের। সেখানে তার মৃত্যু হয়েছে বলে জানান স্বজনরা।