পেকুয়ায় মুরগির শব্দ নকল করে বাড়িতে ঢুকে বৃদ্ধকে হত্যা, গ্রেফতার-২
কক্সবাজার প্রতিনিধিঃ
মুরগির শব্দ নকল করে বাড়িতে ঢুকে বৃদ্ধকে হত্যা, আটক ২।কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে গভীর রাতে বাড়িতে ঢুকে জসিম উদ্দিন (৫০) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে শিলখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সেগুনবাগিচা মাতবর মুরা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত জসিম উদ্দিন ওই এলাকার নুর আহমেদের ছেলে।
জানা যায়, রাত আনুমানিক দেড়টার দিকে একদল দুর্বৃত্ত মুরগির শব্দ নকল করে বাড়ির লোকজনকে দরজা খুলতে বাধ্য করে। দরজা খোলামাত্র তারা ঘরে ঢুকে প্রথমে জসিম উদ্দিনকে পেটে ছুরিকাঘাত করে, পরে গলায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়দের ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তারা আরও জানান, নিহতের ছেলে মালয়েশিয়া প্রবাসী ইখতিয়ার উদ্দিনের সঙ্গে একই এলাকার মনির আহমদ ওরফে মনুর মেয়ে ঊর্মির প্রেমের সম্পর্ক ছিল, যা ইখতিয়ারের পরিবার মেনে নেয়নি। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করে এবং সেই বিরোধ থেকেই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। আটক ব্যক্তিরা হলেন- সেগুনবাগিচা এলাকার মনছুর আলম, জহির আহমদ।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল মোস্তফা বলেন, শিলখালী সেগুনবাগিচা এলাকায় জসিম উদ্দিন নামে এক ব্যক্তি খুন হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুইজনকে আটক করা হয়েছে এবং হত্যার ক্লু উদ্ঘাটনের জন্য তদন্ত চলছে।