প্রতিমন্ত্রীর দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে তিন ইউনিয়ন নিয়ে আলোচনার ঝড়
বগুড়া প্রতিনিধি:
প্রতিমন্ত্রীর দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে তিন ইউনিয়ন নিয়ে আলোচনার ঝড়। বগুড়ার শিবগঞ্জ এবং নবঘোষিত মোকামতলা উপজেলায় নতুন চারটি ইউনিয়ন গঠন করে সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত ১১ জুন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে শিবগঞ্জ উপজেলার পাঁচটি এবং মোকামতলা উপজেলার আটটি ইউনিয়নের প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করা হয়।
এই প্রজ্ঞাপন গতকাল রবিবার প্রকাশিত হয়। এর মধ্যে শিবগঞ্জ উপজেলায় ‘মীরবাড়ি’ নামে নতুন ইউনিয়ন পরিষদ গঠন করা হয়েছে। পাশাপাশি নবঘোষিত মোকামতলা উপজেলায় গঠিত নতুন তিনটি ইউনিয়নের নামকরণ করা হয়েছে ‘সীমান্ত ইউনিয়ন’, ‘দিগন্ত ইউনিয়ন’ এবং ‘স্বর্ণগ্রাম ইউনিয়ন’। স্থানীয় লোকজন জানিয়েছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মীর শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে তিন ইউনিয়নের নামকরণ করা হয়েছে।
বিষয়টি নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। তিনটি ইউনিয়নের নামকরণ নিয়ে জাতীয় সংসদে সমালোচনা হয়েছে। অবশ্য প্রতিমন্ত্রী দাবি করেছেন, তার সন্তানের নামের সঙ্গে মিল রেখে নয়, একটি ইউনিয়ন দুটি উপজেলার সীমান্তবর্তী হওয়ায় ‘সীমান্ত’ এবং আরেকটি দূরবর্তী হওয়ায় ‘দিগন্ত’ নাম রাখা হয়েছে। সোমবার জাতীয় সংসদে বিরোধীদলীয় সংসদ সদস্য শফিকুল ইসলামের একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে ব্যক্তিগত কৈফিয়ত দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। সেখানে তিনি ইউনিয়নের নামকরণের বিষয়ে ব্যাখ্যা দেন।