সংবাদ জমিন ডেস্ক:
প্রতিমন্ত্রীর পদ ছেড়ে কেন মেয়র পদে নির্বাচন করবেন ইশরাক? ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে প্রতিমন্ত্রী ছেড়ে কেন মেয়র পদে নির্বাচন করবেন ইশরাক হোসেন?
এর আগে, ২০২০ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচন করেছিলেন ইশরাক হোসেন। তবে সেই নির্বাচনে জিতেছিলেন আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস। যদিও ওই নির্বাচনে নানা অনিয়মের প্রশ্ন উঠেছিল। নির্বাচনে পরাজয়ের পর ফলাফল প্রত্যাখ্যান করে ভোটে অনিয়মের অভিযোগ তুলে আদালতে মামলাও করেছিলেন ইশরাক।
এরপর ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পর সারাদেশের আওয়ামী লীগের নির্বাচিতরা পালিয়ে যান। ফলে মেয়র পদ শূন্য ঘোষণা করা হয়। পরে আদালতের রায়ে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেটও প্রকাশ করে ইসি। কিন্তু আইনি জটিলতায় তার মেয়র পদে বসা নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে টানাপোড়েন তৈরি হয়।
সেসময় নগর ভবন ও প্রধান উপদেষ্টার বাসভবনের কাছে টানা অবরোধ কর্মসূচিও পালন করেন ইশরাক ও বিএনপির নেতাকর্মীরা। তবে কোনও ফল না পাওয়ায় আন্দোলন থেকে সরে আসেন তারা। বিএনপি নেতাকর্মীদের ভাষ্যমতে, তৎকালীন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার আক্রোশের কারণে মেয়রের চেয়ারে বসতে পারেনি ইশরাক। এ কারণেই সংসদ সদস্য এবং প্রতিমন্ত্রী হওয়ার পরও নগরপিতা হতে চান ইশরাক। মেয়র পদে নির্বাচনের কথা জানিয়ে ইশরাক হোসেনের ফেসবুক স্ট্যাটাসে পরেই অনেকে ফেসবুকে নিজেদের মতামত ব্যক্ত করেছেন।