প্রার্থীর অনশন, ফেনীর এসিল্যান্ডকে নির্বাচনী দায়িত্ব থেকে প্রত্যাহার
ফেনী প্রতিনিধি:
প্রার্থীর অনশন, ফেনীর এসিল্যান্ডকে নির্বাচনী দায়িত্ব থেকে প্রত্যাহার। ফেনীতে সহকারী কমিশনার (ভূমি) তথা এসিল্যান্ডকে প্রত্যাহারের দাবিতে এক প্রার্থীর টানা ৩২ ঘণ্টার অনশন কর্মসূচির পর ওই কর্মকর্তাকে আসন্ন সংসদ নির্বাচনের সব কার্যক্রম থেকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের তদন্তে গঠিত ভিজিল্যান্স কমিটির সদস্যসচিব ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) নবীনেওয়াজ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে তিনি অনশন শুরু করেন।
নবীনেওয়াজ বলেন, ফেনী–২ (সদর) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী তারিকুল ইসলাম ভূঁইয়ার অভিযোগ আজ সকালে গ্রহণ করা হয়। পরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিনের বক্তব্যও নেওয়া হয়। উভয় পক্ষের বক্তব্য ও তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক ওই কর্মকর্তাকে নির্বাচনি সব কার্যক্রম থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। তবে তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে তার নিয়মিত প্রশাসনিক দায়িত্ব পালন করবেন।