প্রেম করে বিয়ের দুই বছরের মাথায় স্ত্রীকে পিটিয়ে হত্যা
বিশেষ প্রতিনিধি:
প্রেম করে বিয়ের দুই বছরের মাথায় স্ত্রীকে পিটিয়ে হত্যা। ময়মনসিংহের মুক্তাগাছায় পারিবারিক কলহের জেরে মার্জিয়া আক্তার (১৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী স্বাধীন মিয়ার বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ১২টার দিকে উপজেলার কুমারগাতা মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী স্বাধীন মিয়াকে আটক করেছে পুলিশ। নিহত মার্জিয়া আক্তার ওই এলাকার মাদেক মিয়ার মেয়ে। সকালে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, কুমারগাতা এলাকার কানু মিয়ার ছেলে ও সিভিল সার্জন অফিসের গাড়িচালক স্বাধীন মিয়ার সঙ্গে দুই বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে পারিবারিকভাবে বিয়ে হয় মার্জিয়ার। মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অভিযুক্ত স্বামীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’