ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার নিশ্চিন্তপুর সরকার অটো ডায়ার মিলে মধ্যযুগীয় কায়দায় রাতভর নির্যাতন করে মিল শ্রমিককে হত্যার অভিযোগ উঠেছে। তার নাম সামিউল ইসলাম (২৫)। তিনি শেরপুর জেলার ঝিনাইগাতি থানার সাইফুল ইসলামের পুত্র।
জানা যায়, সামিউল ইসলাম ৯ হাজার টাকা মাসিক বেতনে ১২ বছর ধরে কাজ করেন। সরকার অটো ডায়ার মিলে তার শাশুড়ি শ্রমিকদের রান্নার কাজ করতেন। প্রতিদিনের ন্যায় তিনি গত ২৯শে মার্চ নৈশকালীন শিফটে মিলে কাজ করতে যান। এ সময় মিল মালিকের ছেলে শরিফুল, বাচ্চুসহ কয়েকজন রাতভর অমানুষিক নির্যাতন চালিয়ে আহত অবস্থায় সামিউলকে তার পরিবারের নিকট হস্তান্তর করলে তারা চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে গত শনিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী সাথী আক্তার বাদী হয়ে ফুলবাড়ীয়া থানায় মামলা দায়ের করেন। নিহতের স্ত্রী সাথী আক্তার জানান, বেতন চাওয়াকে কেন্দ্র করে রাতে আমার স্বামীকে হাত-পা বেঁধে লোহার রড দিয়ে মারধর করা হয়।